আগস্ট ২৭, ২০২৬, ০৪:৫৫ পিএম
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের অনুচ্ছেদের এক উপচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে তার শপথ গ্রহণের তারিখ থেকে সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেছেন। নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে তিনি শপথ গ্রহণ করবেন।শপথ গ্রহণের মধ্য দিয়ে বিচারপতি মো. হাবিবুল গনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হবেন।
তার এই যোগদানের পর আপিল বিভাগে বিচারপতির মোট সংখ্যা দাঁড়াবে পাঁচজনে।বিচারপতি মো. হাবিবুল গনি দীর্ঘ সময় ধরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারিক দায়িত্ব পালন করে আসছেন। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী, ১৯৬২ সালের ৩১ মে জন্ম নেওয়া এই বিচারক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের এপ্রিল মাসে জেলা আদালতে এবং ১৯৯২ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতা সম্পন্ন এই বিচারক ২০১০ সালের এপ্রিল মাসে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে এবং ২০১২ সালের এপ্রিল মাসে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের সময় তিনি দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে অংশ নিয়েছেন। এছাড়া তিনি বিচারিক দায়িত্বের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় অংশ নিতে একাধিক দেশ সফর করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন