সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অপরাধী দল হিসাবে আ.লীগের বিচার শুরু শিগগিরই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৫:০৪ পিএম

অপরাধী দল হিসাবে আ.লীগের বিচার শুরু শিগগিরই

ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ‘অপরাধী দল’ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিচারের জন্য প্রাথমিক তদন্তের কাজ শুরু হতে যাচ্ছে। রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর নিশ্চিত করেন যে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামে একটি রাজনৈতিক দল সম্প্রতি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে একটি আবেদন জমা দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে প্রসিকিউশনের পক্ষ থেকে যাচাই-বাছাই ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, "বলা যেতে পারে যে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। অভিযোগটি এখন গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের কাজ করা হচ্ছে এবং খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে।"

তিনি আরও বলেন, পুরোদমে তদন্ত শুরু হলে দলটি বিচারের মুখোমুখি হওয়ার বিষয়টি কতদূর এগোবে, তা বলা যাবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, "চলতি মাসেই হয়তো আমরা উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে পাবো। ইতিমধ্যে অনেকগুলো মামলার বিচার চলছে এবং বেশ কয়েকটি মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। এ সপ্তাহে অনেক বড় বড় মামলার চার্জশিট দাখিল হবে বলেও আশা করছি।"