অক্টোবর ৮, ২০২৫, ০৬:৫৯ পিএম
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম. রুহুল হক এবং তার দুজন আত্মীয়ের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট ৫৬টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১৫ কোটি ৪০ লাখ টাকা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে।বুধবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত দুদকের একটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।এর আগে, দুদকের সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান আদালতে এই আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং এসব অর্থ যেন অন্যত্র হস্তান্তর বা পাচার করা না যায়, তা নিশ্চিত করতে হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
আদালতের আদেশ অনুযায়ী, অবরুদ্ধ করা ৫৬টি হিসাবের মধ্যে ৩৯টি সাবেক মন্ত্রী রুহুল হকের নিজের নামে, ২টি তার আত্মীয় ইলা হকের নামে এবং বাকি ১৫টি আরেক আত্মীয় জিয়াউল হকের নামে রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন