অক্টোবর ৮, ২০২৫, ০৮:৫১ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এই সাক্ষ্য দেবেন।
বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ ইতোমধ্যে তার লিখিত জবানবন্দি তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। তার জবানবন্দির ওপর ভিত্তি করে আসামিপক্ষের আইনজীবীদের জেরার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।এর আগে জুলাই আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছিলেন।
উল্লেখ্য, চানখাঁরপুল এলাকার এই হত্যা মামলায় মোট আটজন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজন উচ্চপদস্থ কর্মকর্তা পলাতক রয়েছেন। শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেনসহ বাকি চারজন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় কারাগারে আছেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আসামিরা চানখাঁরপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছয়জনকে গুলি করে হত্যা করেন। এই মামলায় গত ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয় এবং ১০ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আসিফ মাহমুদের সাক্ষ্য এই মামলাকে নতুন গতি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন