সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

ইসলামী আন্দোলন নেতা মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৫:০৭ পিএম

ইসলামী আন্দোলন নেতা মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ছবি - সংগৃহীত

পবিত্র কোরআন শরিফ নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাকে নিঃশর্ত ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশটি পাঠান। দৈনিক ‘আল ইহসান’ পত্রিকার প্রতিবেদক মুহাম্মদ আরিফুর রহমানের পক্ষে তিনি এই নোটিশটি পাঠিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নোটিশে অভিযোগ করা হয়, গত ৬ অক্টোবর ‘চরমোনাই দর্পণ’ নামক একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে মুফতি ফয়জুল করিমকে পবিত্র কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে। নোটিশ অনুযায়ী, তিনি তার বক্তব্যে ‘শুধু কোরআন কিচ্ছু না’ এবং ‘শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি’—এই ধরনের মন্তব্য করেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে  আঘাত হেনেছে।

নোটিশে আরও বলা হয়, ফয়জুল করিমের এই মন্তব্য পবিত্র কোরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। তাই, তাকে তিন দিনের মধ্যে তার মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন মন্তব্য না করার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে।