রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্নীতি মামলায় খালাস পেলেন লুৎফর রহমান বাদল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১১:৫১ পিএম

দুর্নীতি মামলায় খালাস পেলেন লুৎফর রহমান বাদল

ছবি - সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূতভাবে প্রায় ৬০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম না হওয়ায় বিচারক তাকে এই মামলা থেকে খালাস দেন।

রায় ঘোষণার পর ব্যবসায়ী বাদলের আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন বলেন, “২০১৭ সালে দুদক আমার মক্কেলকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল। সে সময় তিনি বিদেশে থাকায় তার স্ত্রী সোমা আলম রহমান সম্পদের বিবরণী দাখিল করেন। কিন্তু সেই বিবরণীকে কেন্দ্র করে দুদক এই মামলা দায়ের করে। আজ আদালত তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করায় আমরা ন্যায়বিচার পেয়েছি।”

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে শেয়ারবাজার কারসাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৭ সালের ২৮ মে দুদকের উপপরিচালক শেখ আবদুস সালাম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, বাদল তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে তথ্য গোপন করেছেন এবং ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৯ এপ্রিল বাদলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং ২০২১ সালের ৭ জানুয়ারি তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলার বিচার চলাকালীন আদালত মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।