অক্টোবর ২২, ২০২৫, ০৯:৩৪ এএম
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ‘আয়নাঘর’সহ বিভিন্ন গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করা হলো।বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই ঘটনাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “অভিযুক্ত কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনী সহায়তা করেছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখিয়েছে।”
প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, “অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে আজ কোনো জামিন আবেদন দাখিল করা হয়নি। আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারণ করা হবে।” তিনি আরও জানান, অভিযুক্ত এই সেনা কর্মকর্তাদের কোন কারাগারে রাখা হবে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে।
আজকের কার্যক্রম শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুমের অভিযোগে করা এই দুটি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন।এছাড়াও, গত বছরের ১৮ ও ১৯ জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা আরেকটি মামলায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন