রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৫ সেনা কর্মকর্তার নিরাপত্তায় ৩৫ জন কারারক্ষী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৫, ০২:১১ পিএম

১৫ সেনা কর্মকর্তার নিরাপত্তায় ৩৫ জন কারারক্ষী

ছবি- সংগৃহীত

পৃথক তিনটি মামলায় অভিযুক্ত ১৫ জন সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাস এলাকায় স্থাপিত একটি বিশেষ সাব-জেলে রাখা হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অধীনে পরিচালিত এই সাব-জেলে তাদের নিরাপত্তায় ৩৫ জন কারারক্ষী মোতায়েন করা হয়েছে।

গতকাল বুধবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার পর আদালত তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেন। এরপর কারা কর্তৃপক্ষ তাদের এই সাব-জেলে রাখার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সেনাসদস্যদের আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আত্মসমর্পণ করার বিষয়টির প্রশংসা করেন। তবে সাব-জেলে রাখার বিষয়ে তিনি বলেন, ‘তাঁদের কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। এর জবাব দেওয়ার এখতিয়ার আমার নেই।’

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালত তাদের কাস্টডিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যার অর্থ তারা কারা কর্তৃপক্ষের অধীনে চলে গেছেন। কারা কর্তৃপক্ষই তাদের অবস্থানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ ইসলাম বলেন, ‘আমরা বন্দির সংখ্যা হিসেবে কারারক্ষী নিয়োজিত করি। গতকালের জন্য ৩৫ জন নিয়োজিত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা কম বা বেশি হতে পারে।’

এদিকে, আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ১৫ জন কর্মকর্তাই আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের জামিন আবেদনের শুনানি আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।