ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এই হামলার ঘটনার পর, বেলা ৩টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ওই পোস্টে ড. মিজানুর রহমান আজহারী লেখেন:রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।”
উল্লেখ্য, শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি মোটরসাইকেলে ২ জন এসে হাদিকে গুলি করে দ্রুত চলে যায়। এদিকে, এই খবর শুনে হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন