রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতের হাইকমিশনের ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি ডাকসু নেতার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:০৩ পিএম

ভারতের হাইকমিশনের ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি ডাকসু নেতার

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের একটি উস্কানিমূলক বক্তব্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ভবন উচ্ছেদ এবং ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি দিতে দেখা যায়।

ভাইরাল হওয়া ওই বক্তব্যে মোসাদ্দেক আলী বলেন, পরেরবার আমরা আসব, সবারে হাতে থাকবে খোন্তা-কুড়াল। একটা ইটও আস্তা রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সব হাইকমিশনার উচ্ছেদ করে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে।

তাঁর এই ভিডিওটি মুহূর্তের মধ্যেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

বক্তব্যের এক পর্যায়ে মোসাদ্দেক আলী বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে ব্যর্থ হয়েছেন। মোসাদ্দেক বলেন আমরা ভেবেছিলাম উনি (তৌহিদ হোসেন) ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন, কিন্তু তাঁর কাজকর্ম আমাদের হতাশ করেছে। এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার কোনো জোরালো প্রতিবাদ আমরা দেখি নাই। সীমান্তে হত্যার বিষয়েও কোনো কার্যকর ভূমিকা নেই।

পররাষ্ট্র উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি আরও বলেন, যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে তাঁর পদত্যাগ চাইতে বাধ্য হবেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা।উল্লেখ্য, জুলাই ঐক্যের ব্যানারে আজ আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশি বাধার পর বাড্ডায় আয়োজিত সমাবেশে তিনি এই বক্তব্য প্রদান করেন। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।