বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভয়েস ক্লোন ও এআই প্রতারণা নিয়ে আজহারীর চরম হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ১২:০১ এএম

ভয়েস ক্লোন ও এআই প্রতারণা নিয়ে আজহারীর চরম হুঁশিয়ারি

সম্প্রতি একদল কুচক্রী ও প্রতারক মহল সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও এবং কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ক্লোন করে নানা ধরণের ডিজিটাল প্রতারণা চালিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

আজহারী জানান যে তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরণের ভুয়া পণ্যের প্রমোশন, অবৈজ্ঞানিক চিকিৎসা সেবা এবং বিশেষ করে ওষুধি পণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। 

প্রযুক্তির এই অপব্যবহার সম্পর্কে যারা অবগত নন এমন অনেক সাধারণ মানুষ এসব কন্টেন্ট দেখে আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন যা তার ব্যক্তিগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। তিনি আরও উল্লেখ করেন যে ইদানীং এসব ভুয়া পণ্যের বিষয়ে তথ্য জানতে তার পরিচালিত হাসানাহ ফাউন্ডেশনের অফিশিয়াল নাম্বারে প্রতিনিয়ত ফোনকল আসছে যা দাপ্তরিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটাচ্ছে। 

মিজানুর রহমান আজহারী স্পষ্ট করে জানিয়েছেন যে এসকল প্রচারণার সাথে তার বা তার ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই এবং তার নাম ব্যবহার করে পণ্য বিক্রির চেষ্টা সম্পূর্ণ ভুয়া ও অনৈতিক। ইতিমধ্যে প্রতারক পেজগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে বলে তিনি জানান। অনতিবিলম্বে এসব কন্টেন্ট রিমুভ না করলে দেশ বা দেশের বাইরে যেখানেই এই চক্র থাকুক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ফাইনাল ওয়ার্নিং দিয়েছেন। 

তিনি আশা প্রকাশ করেন যে যারা এই গর্হিত কাজে জড়িত তারা দ্রুত এই পথ থেকে সরে আসবে। পরিশেষে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন যেকোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নেওয়ার জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার এমন নেতিবাচক ব্যবহার নিয়ে আজহারীর এই উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।