রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটের আগের রাতে কোরআনের আয়াত শেয়ার করে আজহারির বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১১:১৬ পিএম

ভোটের আগের রাতে কোরআনের আয়াত শেয়ার করে আজহারির বার্তা

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের লড়াই শুরুর ঠিক আগের রাতে সোশ্যাল মিডিয়ায় এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আলোচক ড. মিজানুর রহমান আজহারি। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি ভোটার ও প্রার্থীদের দায়িত্ব সম্পর্কে সচেতন করেছেন।

আজহারি তার স্ট্যাটাসে পবিত্র কোরআন মাজিদের সুরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতের একটি গ্রাফিক্স কার্ড শেয়ার করেন। আয়াতে মহান আল্লাহ বলেন, ‘(হে ঈমানদারগণ!), আল্লাহ তোমাদেরকে যাবতীয় আমানত উপযুক্ত ব্যক্তিদের হাতে অর্পণ করার নির্দেশ দিচ্ছেন।’

এই আয়াতের আলোকে আজহারি লেখেন, “ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমনি সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা; তেমনি বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা। 

আল্লাহ আমাদের সকলকে আমানত রক্ষায় নিষ্ঠাবান হওয়ার তৌফিক দিন।” তার এই বার্তাটি মুহূর্তের মধ্যেই হাজার হাজার অনুসারীর মাঝে ছড়িয়ে পড়ে এবং কমেন্ট বক্সে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনরা মনে করছেন, ভোটের আগের রাতে এমন ধর্মীয় ও নৈতিক বার্তা ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি আজহারি তারুণ্যের ভোট নিয়ে আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।” নির্বাচনের পুরো সময়জুড়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে তিনি ভোটারদের নৈতিকতার জায়গা থেকে সচেতন করার চেষ্টা করেছেন। ভোটের আগের রাতে আমানত রক্ষার এই কোরআনিক সতর্কবার্তা তারই ধারাবাহিকতা।