এপ্রিল ৭, ২০২৬, ১১:১৬ পিএম
জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ছবি, ভিডিও ও কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে নকল করে বড় ধরনের ডিজিটাল প্রতারণা চালানোর অভিযোগ উঠেছে। একটি সংঘবদ্ধ চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর কণ্ঠ ক্লোন করছে বলে জানা গেছে। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ নিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মাওলানা আজহারী জানান, সম্প্রতি কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।
বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক ও বিব্রতকর বিজ্ঞাপন এবং বিভিন্ন ভুয়া প্রমোশনে তাঁর কণ্ঠস্বর ও ছবি এআই দিয়ে তৈরি করে প্রচার করা হচ্ছে। যা জনসাধারণের জন্য চরম বিভ্রান্তিকর এবং তাঁর ব্যক্তিগত ইমেজের জন্য মানহানিকর।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন।
এর আগে দুই মাস আগে তিনি একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। আজহারী জানান, তখন সতর্ক করার পর চক্রটি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছিল। তবে এখন তারা আবারও নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বর্তমানে এই চক্রের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজ করছে বলেও তিনি জানান।
প্রতারক চক্রকে সতর্ক করে আজহারী বলেন, যারা এই জালিয়াতির সাথে জড়িত তারা দেশ বা বিদেশের যেখানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি স্পষ্ট করেছেন যে, অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচাতে তিনি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।
ভক্ত ও অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে অবশ্যই অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিতে হবে। হাসানাহ ফাউন্ডেশন (Hasanah Foundation) কিংবা তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্যের প্রচারণা করা হয় না।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে কোনো কিছু প্রচারের আগে এর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা জরুরি বলে তিনি মনে করেন। অন্যথায় সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসায় স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে সংশ্লিষ্ট পেজ ও কন্টেন্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি অনুসারীদের আশ্বস্ত করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন