রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এভারকেয়ারে চিকিৎসাধীন শায়খ ইদ্রিস লক্ষ্মিপুরী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৩:০৮ পিএম

এভারকেয়ারে চিকিৎসাধীন শায়খ ইদ্রিস লক্ষ্মিপুরী

হাসপাতালে চিকিৎসাধীন শায়খ লক্ষ্মিপুরী

সিলেটের মুরুব্বি আলেম ও দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালক শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।বুধবার (১৩ মে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ও শায়খ লক্ষ্মিপুরীর ঘনিষ্ঠজন মাওলানা আবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা আবুল হোসাইন জানান, শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার (৯ মে) তাঁকে এই হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে শায়খ লক্ষ্মিপুরীর অসুস্থতার সংবাদে দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার সহকারী মহাপরিচালক মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরি তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন। 

তিনি জানান, শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী দেশের একজন বরেণ্য আলেম এবং দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে পুনরায় খেদমতে ফেরার তৌফিক দান করেন, সে জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী সিলেট অঞ্চলের একজন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন মুরুব্বি আলেম। দীর্ঘদিন ধরে তিনি দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। ধর্মীয় শিক্ষার প্রসার ও ইসলামি সমাজ বিনির্মাণে তাঁর দীর্ঘদিনের অবদান স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমাদৃত। শায়খ লক্ষ্মিপুরীর অসুস্থতার খবরে আলেম সমাজ ও তাঁর অনুসারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।