মে ১৬, ২০২৬, ০৩:২৬ পিএম
দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত জাতীয় রোডম্যাপ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা। গত শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অত্যন্ত সংক্রামক রোগের বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। প্রাদুর্ভাব ঠেকাতে দেশের অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
টিকা নেওয়ার এই নির্দিষ্ট সীমার নিচে কভারেজ নেমে গেলেই সংক্রমণের বড় ফাঁক তৈরি হয়।জাতীয় কভারেজ গড়ে বেশি হলেও চরাঞ্চল, পাহাড়ি এলাকা কিংবা শহুরে বস্তির মতো সুনির্দিষ্ট পকেটে কভারেজ অনেক সময় ৬০ থেকে ৭০ শতাংশে নেমে যায়।
ডা. তাসনিম জারা এই ফাঁকা পকেটগুলো দ্রুত চিহ্নিত করে হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে একটি জাতীয় হাম হটলাইন বা কল সেন্টার চালুর প্রস্তাব করেছেন। যুক্তরাজ্যের এনএইচএস ১১১ কিংবা ভারতের বিভিন্ন হেল্পলাইনের আদলে তৈরি এই ব্যবস্থার মাধ্যমে কেস শনাক্তকরণ, কন্ট্যাক্ট ট্রেসিং এবং রিয়েল-টাইম ড্যাশবোর্ডের সমন্বয় করা সম্ভব।
লক্ষণ দেখা দিলে অভিভাবকেরা নির্দিষ্ট নম্বরে কল করলে চিকিৎসকেরা যাচাই করে রোগীকে সরাসরি নির্দিষ্ট আইসোলেশন কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেবেন।চিহ্নিত এলাকাগুলোতে সংক্রমণ ছড়ানো বন্ধ করতে আক্রান্ত ব্যক্তিকে কেন্দ্রে রেখে চারপাশে কয়েক স্তরে `রিং ভ্যাকসিনেশন` কৌশল প্রয়োগের কথা বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ঘর থেকে বের হওয়ার দুই ঘণ্টা পরেও বাতাসে এই ভাইরাস সক্রিয় থাকে বিধায় ছড়ানোর ঝুঁকি অনেক বেশি।
এই অব্যবস্থাপনা রোধে প্রতি এলাকায় নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং হাসপাতালে শয্যা খালি থাকার তথ্য জানতে একটি ন্যাশনা ড্যাশবোর্ড করা দরকার। গুরুতর শিশুদের জন্য জরুরি ভিত্তিতে পিডিয়াট্রিক আইসিইউ-সম্বলিত বেসরকারি হাসপাতালের সাথে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ স্থাপন করা প্রয়োজন।বর্তমানে দেশের স্বাস্থ্যখাতে নিজস্ব পকেটের খরচ বা আউট-অফ-পকেট এক্সপেন্ডিচার ৭৩ শতাংশ হওয়ায় আক্রান্তদের ওষুধসহ পুরো চিকিৎসা ব্যয় সরকারিভাবে বহন করা উচিত। টাকার অভাবে অনেকে দেরিতে হাসপাতালে আসায় জটিলতা বাড়ছে এবং সংক্রমণ আরও বেশি ছড়াচ্ছে। দেশব্যাপী এই হামের প্রাদুর্ভাব মোকাবিলা সংক্রান্ত সংকটময় পরিস্থিতি কেন তৈরি হলো তা খতিয়ে দেখতে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন বলে ডা. তাসনিম জারা তাঁর পোস্টে উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন