রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রিপনকে নিয়ে বিতর্কে মুখ খুললেন বাবা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৮:১৭ পিএম

রিপনকে নিয়ে বিতর্কে মুখ খুললেন বাবা

ছবি - সংগৃহীত

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে বাবা-মাকে অবহেলার অভিযোগ নিয়ে চলমান বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘সত্য নয়’ বলে দাবি করে এবার মুখ খুলেছেন রিপন মিয়ার বাবা। তিনি বলেছেন, তার ছেলে সবদিক থেকেই ভালো এবং গণমাধ্যম বিষয়টি নিয়ে ‘রং ছড়িয়েছে’।

এর আগে, মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে রিপনের মা অভিযোগ করেছিলেন, জনপ্রিয়তা পাওয়ার পর তার ছেলে তাদের পরিচয় দিতে লজ্জা পান এবং ভরণপোষণ দেন না। এই প্রতিবেদন প্রকাশের পর রিপন মিয়া তীব্র সমালোচনার মুখে পড়েন। এরপরেই মাকে জড়িয়ে ধরে তার কান্নার একটি ভিডিও ভাইরাল হয়।

এই প্রেক্ষাপটে, বুধবার নতুন এক সাক্ষাৎকারে রিপনের বাবা বলেন, “আল্লাহ আমাকে চলার মতো সম্পদ দিয়েছেন। আমি ছেলের কাছে যাই না। এরপরেও সে আমাকে রাস্তাঘাটে পেলে ৫০০ বা ১০০০ টাকা দেয়।” তিনি আরও বলেন, “আমার ছেলে খারাপ কোন দিক দিয়ে? আমি তো খারাপ পাইনি। আমার ঘরের টিনও সে লাগিয়ে দিয়ে গেছে।”

রিপনের মায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ওর মা একটা কথা বলেছে যে, কষ্ট করে মানুষ করেছে। এটা তো স্বাভাবিক, সে বলতেই পারে। কিন্তু টিভিতে যেভাবে খবরটা প্রকাশ করা হয়েছে, তা সত্য নয়। তারা আমার ছেলের খারাপ দিকটাই তুলে ধরেছে।”

রিপন মিয়ার বাবার এই বক্তব্যের পর পুরো বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে মায়ের অভিযোগ, অন্যদিকে বাবার সাফাই এবং রিপনের আবেগঘন ভিডিও—সব মিলিয়ে এই পারিবারিক বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।