নভেম্বর ৫, ২০২৫, ১২:৪৩ পিএম
ভবিষ্যতের সরকার হতে হবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী': জাহেদ উর রহমানরাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে যে সরকার আসবে, সেটি অবশ্যই শক্তিশালী ও আত্মবিশ্বাসী হতে হবে।সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল 'জাহেদস টেইক'-এ দেওয়া এক বিশ্লেষণে তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন।
উপদেষ্টা পরিষদ জরুরি মিটিং শেষে জানিয়েছে, সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না; বরং রাজনৈতিক দলগুলোকে সাত দিনের মধ্যে নিজেদের মধ্যে বসে সমাধান খুঁজতে বলা হয়েছে। যদি তারা ব্যর্থ হয়, তবে সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে।জাহেদ উর রহমান এই প্রস্তাবকে 'অদ্ভুত' আখ্যা দিয়ে বলেন, ঐকমত্য কমিশন মাসের পর মাস কাজ করেও দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে পারেনি। এখন সাত দিনের মধ্যে দলগুলো নিজে বসে সমস্যার সমাধান করতে পারবে কি না, তা বাস্তবসম্মত কিনা সন্দেহজনক।
তিনি মনে করেন, সরকার এই প্রক্রিয়ায় একপক্ষের (জামায়াতে ইসলামী) প্রতি সহমর্মিতা দেখাচ্ছে, যারা আগেই দলগুলোকে নিজেদের মধ্যে বসে সমাধান করার আহ্বান জানিয়েছিল। ফলে সরকারের পদক্ষেপ অনেকাংশে জামায়াতের স্বার্থ পূরণ করছে বলে মনে হচ্ছে।জাহেদ উর রহমান সতর্ক করেন, রাজনৈতিক দলগুলো স্বেচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান করতে পারলে তা সবচেয়ে ভালো হবে। কিন্তু যদি তারা ব্যর্থ হয়, তবুও সরকারকে জোর করে এমন কিছু করা উচিত নয় যা মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
তিনি পরামর্শ দেন, প্রয়োজনে সরকারকে আবার আলোচনার টেবিলে বসতে হবে, তবুও একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত হবে না।তিনি মনে করেন, 'নির্বাচন, সংস্কার ও বিচার'—এই তিনটি উপাদানের মধ্যে যদি একটিকে বেছে নিতে হয়, তবে সেটি হলো জাতীয় নির্বাচন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন