নভেম্বর ৯, ২০২৫, ১২:৩৪ পিএম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর।রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই, এবং জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেন, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, করা হবে।তিনি স্বীকার করেন, ১৬-১৭ বছর নির্বাচন না হওয়ায় কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। তিনি বলেন, পাঁচ কোটি মানুষ কখনও ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
আইন উপদেষ্টা বলেন, আদালত সংস্কারে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। এর সুফল অবশ্যই জনগণ পাবে। যেমন: একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে, যাতে মামলার চাপ কমে।তিনি জামিনের বিষয়ে মন্তব্য করেন, জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশ কী রিপোর্ট দিচ্ছে তার ওপরও নির্ভর করে। তবে তিনি উদ্বেগ প্রকাশ করেন:
যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের যদি বেশি জামিন হয় সেক্ষেত্রে আমরা আতঙ্কিত হবো


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন