নভেম্বর ১৬, ২০২৫, ০৫:০৩ পিএম
আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “আগামীকাল আদালত কী রায় দেয় তার দিকে কান পেতে থাকুন।
ট্রাইব্যুনাল রায় যাই দিক, তা কার্যকর হবে।” তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, আদালতের রায় দেশের মানুষ মেনে নেবে।রোববার বিকেলে বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ প্রস্তুত আছে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন, “পরিস্থিতি যে খুবই ভালো তা বলবো না, আবার খুবই খারাপ তাও নয়, সন্তোষজনক রয়েছে।”আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন ‘ফ্রি-ফেয়ার’ ও উৎসবমুখর করতে প্রশাসন এখন মাঠ গোছানোর কাজ করছে। ইতিমধ্যে প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে তিনি স্মরণ করিয়ে দেন যে, নির্বাচন শুধু মাঠ প্রশাসনের ওপর নির্ভর করে না; এর সঙ্গে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং সর্বপেরি জনগণ জড়িত। তিনি বলেন, “জনগণ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। বিভিন্ন দলও ইতিমধ্যেই নির্বাচনমুখী এবং তারা দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।” জনগণ নির্বাচনমুখী হলে কেউ তাদের থামিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।প্রশাসনের সঙ্গে এই বৈঠকে বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন