নভেম্বর ১৭, ২০২৫, ১১:১৯ এএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিমের প্রায় সব সদস্যকেই রোববার রাত থেকে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে এই হুমকি দেওয়া হয়।
হুমকিদাতারা অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাদের প্রাণনাশের ভয় দেখিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রসিকিউশন টিমের সদস্যরা গণমাধ্যমের কাছে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যা থেকেই অজ্ঞাত বিভিন্ন ফোন নম্বর থেকে তাদের হুমকি দেওয়া শুরু হয়। সোমবার সকালেও তারা বেশ কিছু ফোন পেয়েছেন। তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেন যে, অধিকাংশ ফোনকলই ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। হুমকিদাতাদের মূল কথা ছিল, শেখ হাসিনার শাস্তি বা সাজা হলে প্রসিকিউশন টিমের কোনো সদস্যকে বাঁচতে দেওয়া হবে না। এই বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিজেও গণমাধ্যমের কাছে হুমকির বিষয়টি স্বীকার করেছেন।
তিনি বলেন, রোববার রাত থেকে তিনি অসংখ্য ফোন পেয়েছেন এবং এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিতে বাধ্য হন।তাজুল ইসলামের মতে, সব কল থেকেই একই ভাষা এবং একই ধরনের কথা বলা হয়েছে। হুমকিদাতারা বলেছে, "নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।" এই হুমকিকে তিনি কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এটিকে গণহত্যাকারীদের কাপুরুষোচিত আস্ফালন বলে উড়িয়ে দেন।
তিনি বলেন, "ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেওয়ার কিছু নেই।" ঐতিহাসিক এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যখন ট্রাইব্যুনাল এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ঠিক সে সময়ই রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এভাবে আন্তর্জাতিক নম্বর থেকে হুমকি দেওয়ার ঘটনাটি জনমনে উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন