সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে: আসিফ নজরুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৩:৫৫ পিএম

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে: আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে তিনি গণমাধ্যমকে জানান, এই ঐতিহাসিক রায়ের মধ্য দিয়েই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। এই মামলায় একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ।

এই রায় ঘোষণার মধ্য দিয়ে জাতি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করল। রায়ে ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আজ দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন। রায়ের সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই-আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনাসহ এ মামলার তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

যার মধ্যে রয়েছে উসক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার মতো গুরুতর অভিযোগ। আইন উপদেষ্টার এই প্রতিক্রিয়া বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার সরকারি প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে।