নভেম্বর ২৩, ২০২৫, ০৬:০৪ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, "একটা শিশুকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শেখাতে হবে। সে যেন স্বপ্ন দেখতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।" তিনি আরও বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ অবশ্যই আনন্দদায়ক হতে হবে এবং তাদের মধ্যে 'আমিও পারি' এই সাহসটা জাগ্রত করতে হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি ভবনে শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলোকে বিকাশ করা এবং তাকে সুনাগরিক ও সমাজে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।
সাম্প্রতিক ভূমিকম্পের কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষা উপদেষ্টা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, "ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ করে দেওয়া যাবে না। ভূমিকম্প যেকোনো সময় হতে পারে।" তাই আতঙ্ক নয়, বরং সতর্কতা ও প্রস্তুতিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা ইতোমধ্যে পাঠানো হয়েছে।প্রাথমিক শিক্ষাব্যবস্থায় চলমান শিক্ষক সংকট নিয়ে কথা বলেন উপদেষ্টা।
তিনি জানান, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় বাধা তৈরি করছে। মামলাসংক্রান্ত জটিলতার কারণে এই পদোন্নতি দীর্ঘদিন আটকে রয়েছে। তিনি বলেন, বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। "মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।" তিনি আরও জানান, শিক্ষক সংকট দূর করতে ইতোমধ্যে বড় আকারে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন