নভেম্বর ২৬, ২০২৫, ০৩:২৩ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। তবে এই প্রক্রিয়ায় ১৩ জন জেলার এসপিকে মাঠপর্যায়ে কোনো জেলার দায়িত্ব দেওয়া হয়নি। তাদের কেন্দ্রীয় পুলিশ ইউনিটগুলোতে বদলি করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল চূড়ান্ত করা হয়।
মাঠের বাইরে বদলি হওয়া এই ১৩ জন এসপিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর মতো ইউনিটগুলোতে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: এমকেএইচ জাহাঙ্গীর হোসেন (মৌলভীবাজারের এসপি) → এসবি
মো. আবু সাইম (রংপুরের এসপি) → ডিএমপি
তোফায়েল আহম্মেদ (সুনামগঞ্জের এসপি) → খুলনা রেঞ্জ
মো. আমিনুল ইসলাম (শেরপুরের এসপি) → পিবিআই
মো. মাহফুজুর রহমান (কুড়িগ্রামের এসপি) → রংপুরের আরপিএমপি
খাঁন মুহাম্মদ আবু নাসের (পিরোজপুরের এসপি) → এপিবিএন
মো. ফারুক হোসেন (সিরাজগঞ্জের এসপি) → আরএমপি
মোহাম্মদ সাফিউল সানোয়ার (নওগাঁ জেলার এসপি) → পিবিআই
মো. আকতার হোসেন (লক্ষ্মীপুর জেলার এসপি) → পিবিআই
মো. সাইফউদ্দীন শাহীন (কক্সবাজার জেলার এসপি) → সিআইডি
মো. রেজাউল করিম (চাঁপাইনবাবগঞ্জের এসপি) → ডিএমপি
মো. মিজানুর রহমান (কুষ্টিয়ার এসপি) → এসবি
মোহাম্মদ শরীফুল হক (ভোলা জেলার এসপি) → পিবিআই
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্বাচনকালীন প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করতে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন—এমন কর্মকর্তাদের তালিকা থেকে প্রথমে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫তম, ২৭তম ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয় এবং লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন