রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৮:২৮ পিএম

হাসিনাকে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা

বিচারে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতকে পাঠানো সর্বশেষ অনুরোধের জবাব বাংলাদেশ প্রত্যাশা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, চিঠি পাঠানোর এক সপ্তাহের মধ্যেই জবাব মিলবে—এমনটি ধরে নেওয়া হচ্ছে না।

বুধবার (২৬ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমি মনে করি না যে, ঢাকার অনুরোধ পাঠানোর এক সপ্তাহের মধ্যেই তারা জবাব দেবে। তবে আমরা জবাবের প্রত্যাশা করছি।"

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ের পর ঢাকা আনুষ্ঠানিকভাবে 'নোট ভার্বাল' পাঠিয়েছে ভারতের উদ্দেশে, যা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশের অনুরোধটি দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনেই পাঠানো হয়েছে। তৌহিদ হোসেন উল্লেখ করেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অতীতেও ভারতের কাছে অনুরোধ পাঠিয়েছে, তবে কোনো জবাব পায়নি। "এখন পরিস্থিতি ভিন্ন, বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে আশ্রয় রয়েছেন।