সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষক আন্দোলনে কোথাও শাটডাউন কোথাও পরীক্ষা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:৩৯ পিএম

প্রাথমিক শিক্ষক আন্দোলনে কোথাও শাটডাউন কোথাও পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে আজ বুধবার তৃতীয় দিনেও কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে। এতে দেশের বেশির ভাগ স্কুলে বার্ষিক পরীক্ষা হয়নি। তবে কোথাও কোথাও প্রধান শিক্ষক ও উপজেলা প্রশাসনের সহায়তায় পরীক্ষা অনুষ্ঠিত হবার খবর পাওয়া গেছে।

কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মসূচি গ্রহণ সরকারি চাকুরি আইন, আচরণ বিধিমালার পরিপন্থি’।

আজ বুধবার বিকালে সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়:

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণকে অবিলম্বে কাজে যোগদান করে শিক্ষার্থীদের ৩য় প্রান্তিকের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের জন্য নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় এ ধরণের শৃঙ্খলা-বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকুরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষক সংগঠনগুলোর আহ্বানে অসংখ্য বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে এর বিপরীত চিত্রও দেখা গেছে:কাউখালীর ঘটনা: পিরোজপুরের কাউখালীতে ২৩ নম্বর কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের হল থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা ও শিক্ষা কর্মকর্তা এসে প্রধান শিক্ষকের সহায়তায় পরীক্ষা নিয়েছেন। আতঙ্কিত শিক্ষার্থীদের মধ্যে ইউএনও নিজ হাতে চকলেট বিতরণ করে আতঙ্ক দূর করেন।

একাই পরীক্ষা: নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে চারশো শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিয়েছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ভেস্তে যাওয়া শাটডাউন: নওগাঁর বেশিরভাগ স্কুলেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ দাবি করেন, শিক্ষকদের কর্মসূচি স্বত:স্ফূর্তভাবে চলছে। তবে বিচ্ছিন্ন দু-একটি জায়গায় ভিন্ন চিত্র রয়েছে। অনেক অভিভাবকও বার্ষিক পরীক্ষার সময় এমন আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।