ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:২৯ পিএম
অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে বাংলাদেশের 'জুলাই বিপ্লব' বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নিতে বেশ কয়েকজন তরুণ জাতীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন এবং অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠিতে এই তরুণ নেতাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়।আমন্ত্রিত নেতাদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপল’স বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। এ বিষয়ে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তারা আলাদা আলাদা চিঠিতে আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানা গেছে, যারা আমন্ত্রণ পেয়েছেন। আমরা সবাই একসাথে বসব, তারপর আমন্ত্রিতদের মোট সংখ্যা জানা যাবে।
আমন্ত্রণপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের ক্ষেত্রে ছাত্র-জনতার গণআন্দোলনে আমন্ত্রিত নেতারা নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রেখেছেন। চিঠিতে আরও বলা হয়, একজন তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি আমন্ত্রিত নেতারা অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে বিভিন্ন নীতি, রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
অক্সফোর্ড ইউনিয়ন তার পুরো সফরের সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করবে বলেও চিঠিতে নিশ্চিত করা হয়েছে। এই আন্তর্জাতিক আমন্ত্রণ জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্বের গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন