ডিসেম্বর ৮, ২০২৫, ০৩:৫০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে না।
এর আগে মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হলেও এয়ার অ্যাম্বুলেন্স পরিচালনা কর্তৃপক্ষই সেই অনুমতি বাতিলের অনুরোধ করেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।
এই বাতিলের অনুরোধটি প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও তিনি জানান। এর আগে গত রোববার অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে বেবিচক মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ এবং একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল। জানা যায়, কাতার সরকার দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের উপযোগী একটি বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন করার পর সেটি পরিচালনার দায়িত্বে থাকা এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করে এই মেডিক্যাল ইভাকুয়েশন বিমানটির ব্যবস্থা করেছিল।
বিশ্বখ্যাত এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন–সমর্থিত এভিয়েশন সেবাদাতা এফএআই বেগম খালেদা জিয়ার জন্য বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০) নির্ধারণ করেছিল। উল্লেখ্য, দুই সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল যুক্ত রয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এ বিষয়ে এখনো মেডিকেল বোর্ড চূড়ান্ত মত দেয়নি। বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই তাকে লন্ডন নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্সের আগমন বাতিল হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন