ডিসেম্বর ৯, ২০২৫, ১০:২৩ এএম
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্মরণ করে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দেওয়া বাণীতে তিনি উল্লেখ করেন,
বেগম রোকেয়া নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। দিবসটি উদ্যাপিত হচ্ছে জেনে তিনি আনন্দ প্রকাশ করেন এবং এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চলের নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা, এবং এই উপলব্ধি থেকে বেগম রোকেয়া নারীশিক্ষা বিস্তারে বিরাট সাহসী ভূমিকা পালন করেছিলেন। ড. ইউনূস দৃঢ়তার সঙ্গে বলেন, বেগম রোকেয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নানাবিধ পদক্ষেপের কথা প্রধান উপদেষ্টা তাঁর বাণীতে উল্লেখ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ অসচ্ছল নারীদের আর্থসামাজিক উন্নয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির কথা।
এছাড়াও গ্রামীণ এলাকার দরিদ্র অন্তঃসত্ত্বা মায়েদের এবং শহর এলাকার স্বল্প আয়ের কর্মজীবী মায়েদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। দেশব্যাপী তৃণমূল পর্যায়ে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রান্তিক নারীদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদান এবং কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের লক্ষ্যে মহিলা হোস্টেল পরিচালিত হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রম প্রকল্পের আওতায় টোল ফ্রি (৭/২৪ ঘণ্টা) হটলাইন সেবা ১০৯ চালু থাকার বিষয়টিও তিনি তুলে ধরেন।
বেগম রোকেয়ার আদর্শ অনুসরণে নারী অধিকার ও আর্থসামাজিক উন্নয়নে যাঁরা অবদান রাখার স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পেয়েছেন, প্রধান উপদেষ্টা তাঁদের অভিনন্দন জানান। তিনি ‘বেগম রোকেয়া দিবস ২০২৫’-উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্যও কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন