ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:২৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং সারা দেশের রিটার্নিং অফিসারসহ সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন পরিচালনা শাখা থেকে আজ শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্টদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পরপরই ঢাকায় একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হওয়া এবং লক্ষ্মীপুর নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিল সাংবিধানিক সংস্থাটি।
ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার, অন্য চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবের সার্বিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে জানানো হয়েছে।নিরাপত্তা বৃদ্ধি: চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের ‘পুলিশ এসকর্ট’ বাড়ানো হবে।গানম্যান: ঢাকা, চট্টগ্রাম ও খুলনার রিটার্নিং অফিসারদের জন্য ‘গানম্যান’ নিয়োগ এবং অন্যান্য রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বাড়ানো হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, গতকালের ঘটনা (হাদির ওপর হামলা), লক্ষ্মীপুর ও মঠবাড়িয়ায় দুটি নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপিসহ সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।
আইজিপির কাছে পাঠানো ইসির অন্য একটি চিঠিতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস ও পিরোজপুরের মঠবাড়িয়া নির্বাচন অফিসে অগ্নিসংযোগের কথা তুলে ধরে বলা হয়েছে, দেশের সব আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসে গুরুত্বপূর্ণ নথি এবং নির্বাচনি সরঞ্জাম সংরক্ষিত আছে।নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে, এসব সরঞ্জামসহ আঞ্চলিক, জেলা, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন-এর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। অপরদিকে, আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন