ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:৫১ এএম
কড়া নজরদারি, সীমান্তে সতর্কতা এবং ধরিয়ে দিতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণার মধ্যেই দেশ ছেড়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা ঘটনার প্রধান দুই সন্দেহভাজন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানী থেকে কৌশলে বেরিয়ে তারা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গুলি ছোড়া ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরসাইকেল চালক আলমগীর হোসেন গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্তঘেঁষা উপজেলা হালুয়াঘাট দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়েছে।
এ কাজে সহায়তাকারী দুই দালালকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আটক করেছে।তদন্ত কর্মকর্তারা জানান, হামলার পরপরই দুই সন্দেহভাজন অত্যন্ত কৌশলী ছিল। তারা দেশ ছাড়ার পথে যে কৌশল নেয়:
১. ডিভাইস বর্জন: পুলিশের নজর এড়াতে তারা নিজেদের ডিজিটাল ডিভাইস সঙ্গে রাখেনি। সচল অবস্থায় ডিভাইসগুলো বিভিন্ন স্থানে সরিয়ে নেয়, ফলে পুলিশ যখন প্রযুক্তির সহায়তায় অভিযান চালাচ্ছিল, তখন তারা রাজধানী ছেড়ে অনেক দূরে চলে যায়। ২. রাজধানী ত্যাগ: কালভার্ট রোড থেকে ফার্মগেট হয়ে তারা দ্রুত মিরপুরে পৌঁছায়। সেখান থেকে প্রাইভেটকারে করে তারা ঢাকা ছাড়ে। ৩. সীমান্ত অভিমুখে: মিরপুর থেকে আশুলিয়া ও গাজীপুর হয়ে সড়কপথে তারা ময়মনসিংহ যায়। সেখানে ব্রিজপাড় এলাকায় বাহন বদলে আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাটের দিকে রওনা হয়।
৪. অবৈধ পারাপার: হালুয়াঘাটের ধারাবাজার এলাকার একটি পেট্রোল পাম্পে গাড়ি থামিয়ে তিন যুবকের সহায়তায় তারা মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় পৌঁছায়। এরপর রাত আনুমানিক আড়াইটার দিকে তারা ভুটিয়াপাড়া সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার তুরা এলাকায় প্রবেশ করেএ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম গতকাল সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্তদের বৈধভাবে বিদেশে যাওয়ার কোনো তথ্য ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি।
ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশযাত্রার রেকর্ড অনুযায়ী, তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। এরপর তার দেশত্যাগের কোনো তথ্য নেই।তবে তিনি জানান, শেরপুরের নালিতাবাড়ী এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি গুরুতর অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন