সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:০০ এএম

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় অবশেষে রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার দুদিন পর রোববার মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি করেন।

হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্রের ব্যবহারের ধারা উল্লেখ করে দায়ের করা এই মামলায় ফয়সাল করিমসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এর তদন্ত করবেন।

ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী ছয় জনকে গ্রেপ্তার করেছে। তবে গুলি ছোড়া মূল সন্দেহভাজন ফয়সাল করিমসহ অন্য আসামিদের এখনো ধরতে পারেনি পুলিশ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নিয়মিত গণসংযোগ করছিলেন হাদি। গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় হাদিকে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।এই অবস্থায় আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।