সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদি হত্যাচেষ্টা: আরও ২ জন আটক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৩২ পিএম

ওসমান হাদি হত্যাচেষ্টা: আরও ২ জন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট ৮ জনকে আটক করা হলো বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার দুদিন পর রোববার মধ্যরাতে ঢাকার পল্টন থানায় এই হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বেশ কয়েকটি ধারায় মামলাটি করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়াকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।আটককৃতদের মধ্যে ৪ জনকে হত্যাচেষ্টা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন:ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান।

প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া।

ফয়সালের শ্যালক শিপু।

ফয়সালের বান্ধবী মারিয়া।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।