ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:৩৪ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একটি প্রতিনিধি দল।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে এই দলটি তিন দফা দাবি উত্থাপন করে এবং এই দাবিগুলো বাস্তবায়নে সরকারকে আলটিমেটাম দেওয়া হয়।
ডাকসু’র তিন দফা দাবি
ডাকসু প্রতিনিধি দলের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো:
১. হামলাকারী ও গাফিলতির বিচার নিশ্চিতকরণ
ওসমান হাদির ওপর হামলাকারী, হামলার পরিকল্পনাকারী ও হামলায় সহযোগিতাকারী সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব অঙ্গ সংস্থাকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে ও গাফিলতির বিচার করতে হবে।
২. নিষিদ্ধ লীগের বিরুদ্ধে অভিযান
৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রতিটি পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ কমিটি গঠনপূর্বক আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
৩. খুনি হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর
খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে।
উল্লেখ্য, ডাকসু ভিপি সাদিক কায়েম এর আগে জানিয়েছিলেন, এই দাবিগুলো দৃশ্যমানভাবে বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন