রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৩০ পিএম

সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি নিরাপদে সিঙ্গাপুরে অবতরণ করেছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে।

এর আগে, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।

দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং দেড়টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।

জানা গেছে, সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছানোর পর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে।ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির রাজনৈতিক সহযোদ্ধা ও বন্ধু আমিনুল হাসান ফয়সাল।

ঢাকার এয়ারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই দীর্ঘ এই সফরে সম্মতি দেন।