সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
ওসমান হাদির ওপর গুলি

ম্যানহোল থেকে ভুয়া নম্বর প্লেট উদ্ধার, ৮ বার হাতবদল হয় মোটরসাইকেলটি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৩৩ পিএম

ম্যানহোল থেকে ভুয়া নম্বর প্লেট উদ্ধার, ৮ বার হাতবদল হয় মোটরসাইকেলটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি জানায়, একটি বিশেষ টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয় যে, হামলার পর মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তন করা হয়েছিল।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচ তলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। এরপর পরিত্যক্ত অবস্থায় একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয় জাল নম্বর প্লেটটি।

তদন্তে মোটরসাইকেলটির মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। পুলিশ জানায়, মোটরসাইকেলটি মোট ৮ বার হাতবদল হয়েছিল: ১. প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। ২. পরবর্তীতে পর্যায়ক্রমে মালিক হন শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম এবং আনারুল। ৩. আনারুলের কাছ থেকে পুনরায় ওবায়দুলের হাত ঘুরে শুভ নামে এক ব্যক্তি এটি ক্রয় করেন। ৪. সর্বশেষ, প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়েছিল।

সিটিটিসি উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করেছে। পুলিশ ধারণা করছে, এতবার মালিকানা পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল মূল হামলাকারীদের পরিচয় আড়াল করা।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।