সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:৪১ পিএম

দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের কাছে ৬টি লেগুনা গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিরাপত্তার শঙ্কায় নারায়ণগঞ্জে একজন প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কে নির্বাচন করবে, আর কে করবে না—এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।

কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত মতামত। সার্বিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। সবাই বর্তমানে নিরাপদে চলাফেরা করছেন।

তিনি আরও যোগ করেন, নিরাপত্তার কথা বলে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি আসলে কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটি তিনিই ভালো বলতে পারবেন। তবে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।বক্তব্যের এক পর্যায়ে উপদেষ্টা গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি প্রসঙ্গে বলেন, “ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তিনি একজন জুলাই যোদ্ধা। দেশের জন্য তাঁর ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আপনারা সবাই তাঁর জন্য খাস দিলে দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

বিকেএমইএর পক্ষ থেকে জেলা পুলিশ ও শিল্প পুলিশকে গাড়ি প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় পুলিশের অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ব্যবসায়ীরা এভাবে পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয়। এটি পুলিশের দায়িত্ব পালনে বড় ধরনের সহায়তা করবে।বিকেএমইএর সভাপতি মো. হাতেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।