ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:৩৫ পিএম
রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ প্রদান করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সুমাইয়া জাফরিনকে এই নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানির সময় সুমাইয়া জাফরিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দেখানোর আদেশ শোনার পর তিনি কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন, তবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
এর আগে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত গেরিলা প্রশিক্ষণের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় গত ৬ আগস্ট সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ৭ আগস্ট তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে ১২ আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
নতুন করে গুলশান থানার এই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় পুলিশ পুনরায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, ওই গেরিলা প্রশিক্ষণ ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর গভীর সংশ্লিষ্টতা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন