ডিসেম্বর ১৭, ২০২৫, ০৯:০২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে নুরুজ্জামান নোমানী এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি মামলার প্রধান আসামিকে একটি ভাড়ায় নেওয়া গাড়িতে করে পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেন।
এমনকি পালিয়ে যাওয়ার সময় গাড়ির চালককে বিভিন্ন পরামর্শ দিয়েও সহযোগিতা করেছিলেন তিনি। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে জানায় পুলিশ।গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।
এতে তাঁর মাথায় ও কানের নিচে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, নুরুজ্জামানের রিমান্ডের মাধ্যমে এই হামলার নেপথ্যে থাকা প্রভাবশালী মহল এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন