ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:২১ পিএম
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাউথ ব্লকে তলব করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক দেওয়া গোষ্ঠীগুলোকে তারা ‘চরমপন্থি’ হিসেবে বিবেচনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় কিছু চরমপন্থি গোষ্ঠী যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টির পরিকল্পনা করেছে, সেটিই রাষ্ট্রদূতকে তলব করার প্রধান উদ্দেশ্য।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, শুধু নিরাপত্তা হুমকি নয়, বরং সম্প্রতি বাংলাদেশের কয়েকজন রাজনীতিবিদের প্রকাশ্যে ভারত-বিরোধী এবং ‘উস্কানিমূলক’ বক্তব্যের কড়া প্রতিবাদ জানানোও ছিল এই তলবের অন্যতম বড় কারণ।ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে কোনো কোনো গোষ্ঠী একটি ‘মিথ্যা বয়ান’ (False Narrative) তৈরি করার চেষ্টা করছে। ভারত সরকার এই ধরণের অপপ্রচারকে সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যান করেছে।
ভারত আশা করে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কূটনৈতিক রীতি অনুযায়ী বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও পোস্টগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে।সাউথ ব্লকের কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির এই পদক্ষেপ বাংলাদেশের সাথে বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনাকর পরিস্থিতির প্রতিফলন। একদিকে সীমান্তে উত্তেজনা এবং অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত-বিরোধী মনোভাবের বৃদ্ধি—সব মিলিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন এক কঠিন সময় পার করছে।
ভারত সরকার স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে থাকলেও ভারতীয় স্বার্থ ও মিশনের ওপর যেকোনো ধরণের হুমকি মোকাবিলায় তারা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন