ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৩১ পিএম
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে এই তথ্য জানান।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার নিজে হাসপাতালে গিয়ে হাদিকে দেখে আসেন।
এরপর রাত পৌনে ৯টার দিকে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রমের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি অত্যন্ত উদ্বেগের সাথে জানান যে, হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
হাদির জীবন সংকটের সংবাদ পেয়ে প্রধান উপদেষ্টা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. ইউনূস দেশবাসীকে এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি জুলাই অভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগে বের হয়েছিলেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি।
দুপুর আড়াইটার দিকে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী আততায়ীরা তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি চালায়।গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন