শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

আমিরাত থেকে বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া: কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ১১:০০ এএম

আমিরাত থেকে বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া: কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি - সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় অভিযুক্তদের দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে বাংলাদেশ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, উভয় সরকারের কাছ থেকে শিগগিরই একটি ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।

আমিরাত থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং ভারত থেকে হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের জন্য আইন অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। মন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আমিরাত কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রত্যর্পণের সব প্রয়োজনীয় নথি জমা দিয়েছে, যা নির্ধারিত ৩০ দিনের চেয়ে অনেক কম।

শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ফেরাতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। যদিও অভিযুক্তরা বর্তমানে ভারতে বিচারের সম্মুখীন, তবুও বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বিচার চলাকালেও তাদের হস্তান্তর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।সরকার আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। 

অপরাধী যেই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে সব ধরনের কূটনৈতিক ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।এদিকে, মামলার অগ্রগতি নিয়ে দেশের মানুষের মাঝে ব্যাপক কৌতূহল রয়েছে। সরকারি পক্ষ থেকে এই উদ্যোগের ফলে আইনি প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দুই দেশের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে এনে আইনি কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছে মন্ত্রণালয়।