ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:১০ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উৎসবমুখর পরিবেশে ভোটদান নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানান, সন্ত্রাসী ও অপরাধী দমনে প্রয়োজনে ‘চরম পন্থা’ অবলম্বন করবে পুলিশ।
সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম নগরীতে বিভিন্ন নামধারী সন্ত্রাসী বাহিনী ভাড়ায় খাটে এবং খুনখারাবি করে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন:পুলিশ বাহিনী ছাড়া এই নগরে অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। এসব বাহিনী নির্মূল মানে নির্মূলই।
এদের দমনে আমি চরম পন্থা অবলম্বন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।হাসিব আজিজ অভিযোগ করেন, বিতাড়িত ফ্যাসিস্টরা এবং তাদের বিদেশি প্রভুরা ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, এই নির্বাচন তাদের জন্য একটি ‘লিটমাস টেস্ট’, যেখানে তাদের ব্যর্থ করে দেওয়া হবে। ভোটার উপস্থিতি বাড়াতে এবং অপরাধভীতি দূর করতে পুলিশের সব টিম বর্তমানে মাঠে কাজ করছে।লুণ্ঠিত অস্ত্রের বিষয়ে কমিশনার জানান, ইতোমধ্যে ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি ২০ শতাংশ অস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের হাতে থাকার তথ্য পাওয়া গেছে, যা উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।
এছাড়া সংখ্যালঘু এলাকা এবং অপরাধপ্রবণ কেন্দ্রগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর সব অঙ্গ এক অ্যালাইনমেন্টে চলে আসায় ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আচরণে বিনয়ী কিন্তু পেশাদারিত্বে কঠোর হতে হবে (Firm in attitude, polite in behavior)।” জনগণের মধ্যে নিরাপত্তার বোধ তৈরি করাই একজন পুলিশ অফিসারের সাফল্যের মাপকাঠি বলে তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকসহ চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন