বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৪৪ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা রাতেই পদত্যাগ না করলে যমুনার সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি

নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং বিতর্কিত ভূমিকার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা করা হয়।

আজ রাতের মধ্যে তিনি পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেওয়া হবে।সমাবেশে ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান সরাসরি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলেন:আমরা সাবধান করে দিচ্ছি ড. ইউনূসকে।

আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, তবে যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব। যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন।

না হলে রাতে আপনার বাসার পাশে গিয়ে এই প্রতিবাদী কণ্ঠ শোনানো হবে।ছাত্রশক্তির নেতারা অভিযোগ করেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নিরাপত্তা নিয়ে কোনো কার্যকর চেষ্টা বা দূরদর্শিতা নেই। তাঁরা বলেন, আলু আর পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য বাণিজ্য বা কৃষি উপদেষ্টা আছেন, কিন্তু দেশের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এমন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের দরকার নেই।সমাবেশ শেষে ছাত্রশক্তির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

এ সময় তাঁরা ‘হাদিরা মরে না, ২৪ হারে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন বিপ্লবাত্মক স্লোগান দেন। কর্মসূচির শেষ পর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের একটি কুশপুত্তলিকা দাহ করেন আন্দোলনকারীরা।ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবিতে এই আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।