ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:১৫ পিএম
চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা আর কোটি মানুষের দোয়াকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন আধিপত্যবাদবিরোধী মঞ্চ ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি পুরনো ভিডিও ক্লিপ ব্যাপক ভাইরাল হয়েছে, যা দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না সাধারণ মানুষ।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারে ওসমান হাদি নিজের ব্যক্তিগত ত্যাগের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন:আল্লাহ আমাকে একটা সন্তান দিসে, তিন মাস ওর বয়স। কিন্তু আমার বাচ্চাটারে এই তিন মাসে ৩০ মিনিটও আমি কোলে নিতে পারি নাই। আমার ওয়াইফ মাঝে মধ্যে মজা করে বাচ্চাকে বলে—ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সঙ্গে দেখা করতে আসছে।”
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি আসাদুজ্জামান ফুয়াদকে উদ্দেশ্য করে বলেন, “আমার এই প্রথম মনে হইলো আমি আমার ভাইয়াকে বলি—ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।”
হাদি আরও বলেছিলেন যে, তাঁর লড়াইয়ের শক্তি হলেন তাঁর বাবা। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকলেও তিনি সবকিছু আল্লাহর ওপর সঁপে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আমি যদি সততার সাথে কিছু করতে পারি এবং আল্লাহ যদি রহম করেন, তবে আমার ছেলে, আমার পরিবার এবং ইনকিলাব মঞ্চের ভাইবোনদের আল্লাহই দেখবেন।”
গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন হাদি। তদন্তে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে ভারতে পালিয়ে গেছেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই প্রার্থীকে উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে সিঙ্গাপুরে পাঠানো হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।
শরিফ ওসমান হাদিকে তাঁর সহযোদ্ধারা ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে নিজের শিশু সন্তানকে কোলে নিতে না পারার আক্ষেপটি মানুষের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন