সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইনকিলাব মঞ্চের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৫৫ পিএম

২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারে ব্যর্থতার অভিযোগ তুলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরুর আগে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের এই আল্টিমেটাম ঘোষণা করেন।

তিনি স্পষ্ট ভাষায় জানান যে খুনিদের গ্রেফতারে সরকারের দীর্ঘসূত্রতা এবং সীমান্ত অতিক্রমের ঘটনায় দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বক্তব্য প্রদানকালে আব্দুল আল জাবের আবেগঘন কণ্ঠে বলেন আমরা এখানে শুধু কান্নার জন্য আসিনি বরং ভাইয়ের রক্তের বদলা নিতে এসেছি। ঘটনার পর বেশ কয়েক দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সরকার খুনিদের অবস্থান নিশ্চিত করতে পারেনি।

তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন এখানে শুধু একজন খুনি নয় বরং একটি বড় চক্র জড়িত রয়েছে। এই চক্রটিকে আড়াল করার কোনো চেষ্টা সফল হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই হত্যাকাণ্ডের পুরো খুনি গোষ্ঠীকে জনসমক্ষে আনতে হবে এবং তাদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করতে হবে।

জাবের আরও অভিযোগ করেন যে প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সামরিক বাহিনীর মধ্যেও ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদী দোসরদের বের করে আনতে হবে। তিনি মনে করেন প্রশাসনের ভেতরে থাকা এই দোসররাই খুনিদের পালিয়ে যেতে সহায়তা করেছে। জানাজা শেষে উপস্থিত জনতাকে কোনো ধরনের উসকানি ছাড়াই শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে গত ১৮ ডিসেম্বর তিনি শাহাদাতবরণ করেন। আজ তার জানাজায় লাখো মানুষের উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের এই আল্টিমেটাম নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সমর্থকদের শুধু তাদের নির্দেশিত কর্মসূচিতে থাকার এবং অন্য কোনো পক্ষের উসকানিতে পা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।