ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:০৪ পিএম
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UNISFA) ড্রোন হামলায় শহীদ হওয়া ৬ বাংলাদেশি বীর শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।
এ সময় বিমানবন্দরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। মরদেহ গ্রহণের সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সামরিক কর্মকর্তারা শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, সিভিল এভিয়েশন চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইএসপিআর জানিয়েছে, শহীদ শান্তিরক্ষীদের শেষ বিদায়ের কর্মসূচি নিম্নরূপ:রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাঁদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদদের মরদেহ হেলিকপ্টারযোগে তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হবে। সেখানে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় এই বর্বরোচিত ড্রোন হামলায় ৬ জন শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন শান্তিরক্ষী আহত হয়েছিলেন। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন রয়েছেন। আইএসপিআর নিশ্চিত করেছে যে, বর্তমানে আহত সকল শান্তিরক্ষী শঙ্কামুক্ত রয়েছেন।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর এই বীর সন্তানদের আত্মত্যাগ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। তাঁদের এই অকাল প্রয়াণে সেনাবাহিনী ও শহীদ পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন