ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৩১ পিএম
শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতের শোককে পুঁজি করে দেশের বিভিন্ন স্থানে উগ্র ও অবিবেচক গোষ্ঠীর অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। শনিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শিক্ষা উপদেষ্টা তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’ ভবনে আক্রমণ ও অগ্নিসংযোগ করেছে।
এর ফলে নালন্দা বিদ্যালয়ের কার্যক্রমসহ অসংখ্য সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস হয়েছে। তিনি একইসঙ্গে সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী’ কার্যালয়ে হামলারও তীব্র নিন্দা জানান।
দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ কার্যালয়ে হামলা এবং প্রবীণ সাংবাদিক নুরুল কবীরকে অপদস্থ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ড. আবরার। তিনি বলেন:স্বার্থান্বেষী মহলের এ ধরনের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস। এর ফলে বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
উপদেষ্টা বলেন, যখন সমগ্র জাতি হাদির মৃত্যুতে শোকাহত, তখন এই ধরনের নৈরাজ্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তিনি দেশবাসীকে এসব উসকানিতে পা না দেওয়ার এবং জুলাই আন্দোলনের স্পিরিট রক্ষা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আইনশৃঙ্খলা বাহিনীকে এই সব ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন