ডিসেম্বর ২০, ২০২৫, ১১:১১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন কার্যক্রম কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষ ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণকালের অন্যতম বৃহত্তম এই জানাজায় যে বিপুল লোকসমাগম হয়েছে, তা হাদির প্রতি সর্বস্তরের মানুষের গভীর আবেগ ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।
বিশাল এই জনসমাগম নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়:পুরো জানাজা ও দাফন প্রক্রিয়ায় ১০০০টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।মোতায়েন ছিল পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য।সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাথে সমন্বয় করে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়।ডিএমপি এই প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে জড়িত সকল বাহিনীসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে জানাজা ও দাফন সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সবার সহযোগিতাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছে পুলিশ প্রশাসন।শহীদ ওসমান হাদিকে আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে জাতীয় কবির সমাধির পাশে সমাহিত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে পুলিশ সদস্যসহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলস পরিশ্রম করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন