ডিসেম্বর ২১, ২০২৫, ০১:১৪ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি ও হাইকমিশন ভবনের সামনে উগ্র আচরণের ঘটনা ঘটেছে। শনিবার ২০ ডিসেম্বর রাতে তিনটি গাড়িতে করে আসা একদল ভারতীয় নাগরিক চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভবনের মূল গেটে এসে এই তাণ্ডব চালায়।
হাইকমিশন সূত্রে জানা গেছে রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে দুষ্কৃতকারীরা ভবনের সামনে এসে উচ্চৈঃস্বরে চিৎকার শুরু করে এবং বাংলা ও হিন্দি মিশিয়ে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয়।
তারা মূলত বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি তুলে হাইকমিশনারকে আক্রমণ করার হুমকি প্রদান করে। এই ঘটনার পর দিল্লিতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিক ও কর্মকর্তাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে হামলাকারীরা হাইকমিশনের মূল গেটের সামনে এসে ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’ বলে স্লোগান দিচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে তারা চিৎকার করে বলছিল যে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হলে তারা দিল্লিতে থাকা বাংলাদেশি কূটনীতিকদের মেরে ফেলবে। যদিও তারা কোনো ধরণের শারীরিক হামলা বা ইটপাটকেল নিক্ষেপ করেনি তবে তাদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং শিষ্টাচার বহির্ভূত।
কিছুক্ষণ হট্টগোল করার পর গাড়ি নিয়ে তারা দ্রুত ওই এলাকা ত্যাগ করে। কূটনৈতিক এলাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দিল্লির স্থানীয় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এমন ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। উল্লেখ্য যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট স্বাগতিক দেশের ওপর বর্তায় যা এই ঘটনার ফলে প্রশ্নবিদ্ধ হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন