ডিসেম্বর ২২, ২০২৫, ১০:১২ এএম
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির নাম জড়িয়ে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ছড়ানো তথ্যকে ‘বিভ্রান্তিকর ও অসত্য’ বলে অভিহিত করেছে কমিশন। রোববার (২১ ডিসেম্বর) কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত সময়সীমার ঠিক আগমুহূর্তে কিছু মহল মনগড়া তথ্য প্রচার করছে।
কমিশনের দাবি, এই ধরণের অপপ্রচার মূলত তাদের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা বা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার একটি হীন উদ্দেশ্য।বিশেষ করে, কমিশনের জিজ্ঞাসাবাদ কার্যক্রমে ‘খন্দকার রাকিব’ নামে এক ব্যক্তির উপস্থিতির যে দাবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।
তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, ওই ব্যক্তি কখনোই গুম সংক্রান্ত কমিশনে কর্মরত ছিলেন না এবং কোনো জিজ্ঞাসাবাদেও তার অংশগ্রহণ ছিল না। কমিশন মনে করছে, এ ধরণের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে একটি মহল কমিশনের নিরপেক্ষতা ও জনমনে এর বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের পরিবার এবং তাদের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে কমিশন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। তদন্তের এই পর্যায়ে দেশপ্রেমিক নাগরিকদের সহযোগিতা কামনা করে কমিশন আরও অনুরোধ জানিয়েছে যেন কেউ উসকানিমূলক বা অস্পষ্ট তথ্যে কান না দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন